শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

এনসিপি নেতার ‘কুপ্রস্তাব’ ও কিছু কথা

spot_img

ভিডিও

- Advertisement -

গত দুই-তিন ধরে একটি খবর মূলধারার সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। সেটি হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতা সারোয়ার তুষার দলের আরেক নেত্রীকে ‘কুপ্রস্তাব’ দিয়েছেন।

নৈতিক স্খলনজনিত আচরণের জন্য দলের পক্ষ থেকে তাকে শোকজও করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কারণ দর্শানোর চিঠির কপিটি ঘুরে বেড়াচ্ছে। এনসিপির ফেসবুক পেজেও সেই চিঠিটি প্রকাশ করা হয়েছে।

সারোয়ার তুষার নিজেও বলেছেন, মানুষ হিসাবে তিনি ভুলের উর্ধে নন এবং তিনি নিজেকে শুধরে নিতে চান।

সার্বিক বিবেচনায় বলা যায়, ফাঁস হওয়া অডিও কলটি ভুয়া নয় এবং সারোয়ার তুষার এমন কাণ্ড ঘটিয়েছেন। সেটি বুঝে হোক বা না বুঝে।

প্রথমত বলা দরকার, যারা এই অডিও কলটি ফাঁস করেছেন তারা কাজটি ঠিক করেননি। এই কাজটি আদর্শিকভাবে কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।

আমরা এরকম কাজ দেখেছি আওয়ামী লীগ শাসনামলে। বিভিন্ন নেতার অডিও ফোনালাপ ফাঁস করা হয়েছে। এমনকি ২০১৩ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী থাকাবস্থায় শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যকার টেলিফোন আলোচনাও ফাঁস করেছে একটি গোষ্ঠী, যাদের সবাই চেনেন, জানেন। যখন দেশের সর্বোচ্চ দুই নেতার কথা ফাঁস হয়, তখন বুঝতে হবে আমরা কেউই নিরাপদ নই।

আওয়ামী লীগ আমলে পুলিশের হাতে সাংবাদিক রোজিনা ইসলাম আটক হওয়ার পর প্রথম আলোর এক সিনিয়র নারী সাংবাদিকের সাথে তার বাবার আলোচনা ফাঁস করেছিল একটি সংস্থা। কারণ ছিল, রোজিনা ইসলামকে নিয়ে ওই নারী সাংবাদিক কিছু কথা বলেছিলেন যেটি ওই সময়ে সরকারের বেশ প্রয়োজন ছিল। এই আলোচনা ফাঁস করে সরকার প্রমাণ করার চেষ্টা করে যে, রোজিনা ইসলাম ভালো মানুষ ছিলেন না এবং তাকে আটক করা সঠিক সিদ্ধান্ত ছিল।

সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে অনেক সময় দেখেছি, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন এবং তার সন্তান তারেক রহমানকে নিয়ে অশ্রাব্য ভাষায় মন্তব্য করতেন অনেক নেতা।

আমরা সেগুলো শুনতাম এবং এখনও শুনি। নেতারা অবস্থা বোঝানোর জন্য বিশ্বাস করে কথাগুলো আমাদের বলতেন এবং বলেন। কিন্তু কোনো পেশাদার সাংবাদিক সেগুলো লিখতেন না বা লেখেন না।

উপর্যুক্ত আলোচনার অর্থ এই নয়, আমি সারোয়ার তুষারের নৈতিক স্খলনকে সমর্থন করছি। তিনি যা করেছেন সেটিও গ্রহণযোগ্য নয়।

আদর্শিকভাবে বলতে হয়, দুজন নারী-পুরুষ নিজেদের ইচ্ছায় যদি জৈবিক আনন্দ পেতে রাজি হয়, তাতে তৃতীয় কারো সমস্যা হওয়ার কথা নয়। যদিও এখানে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের বিষয়টি জড়িত।

আমাদের সমাজ এবং ধর্ম বিবাহবহির্ভুত সম্পর্ক অনুমোদন করে না। সেদিক বিবেচনা করলে সারোয়ার ‍তুষার ধর্ম ও সমাজবিরোধী কাজ করেছেন। একজন নেতার সমাজ ও ধর্মবিরোধী কাজ জনগণের সামনে এলে রাজনীতিতে তার ভবিষ্যত ভালো হয় না।

সে কারণেই তার দল এনসিপি তাকে শোকজ করেছে। তাকে শোকজ না করলে দেশের মানুষের মধ্যে ধারণা হতো যে, এনসিপির মধ্যে এমন কাজকর্মই চলে এবং বিরোধী রাজনৈতিক শিবির এই সুযোগটি লুফে নিতো।

এনসিপি এবং সারোয়ার তুষার কেন অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের শিকার হবেন? এর কারণ হলো, এই দল এবং এর নেতারা বুঝে অথবা না বুঝে দেশের প্রতিষ্ঠাতাসহ প্রায় সকল নেতানেত্রী এবং তাদের দল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন এবং করে চলেছেন।

তাদের কাছে দেশের কোনো রাজনৈতিক দলই কিছু না। কারণ তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছেন, যা বিএনপি-জামাত গত ১৬ বছরেও পারেনি।

এই কথাগুলো যখন তারা বলেন, তাদের মধ্যে অতিশয় দম্ভের ভাব থাকে। দেশের সবকিছুই তাদের কথায় চলবে—এমন বার্তাও তাদের অনেকের বক্তব্যে। কারণ তারা শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছেন।

কিন্তু দেশের সাধারণ মানুষ এগুলো পছন্দ করেন না। এই কথা এনসিপি নেতারা বোঝেন কি না জানি না।

মানুষের পালস্‌ বুঝে জনসমক্ষে শালীন ও সুন্দরভাবে বক্তব্য দিচ্ছেন, এনসিপিতে এমন নেতাকর্মী নেই বললেই চলে।

এই নিবন্ধের উদ্দেশ্য এনসিপি নেতাদের সমালোচনা করা নয়। বরং এনসিপি ছাড়াও দেশের অন্য দলের নেতারাও বাজে ও ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন, আচরণ করেন। ‍সুতরাং এটি না বললে অল্প বয়সী এই নেতাদের ওপর সঠিক বিচার করা হবে না।

তবে মানুষ হিসেবে বিবেচনা করলে এহেন অগ্রহণযোগ্য আচরণের জন্য এনসিপি নেতা-নেত্রীদের ওপরেও পুরো দায় চাপানো যায় না। কারণ তারা খুব অল্প বয়সে এবং দ্রুত অনেক ক্ষমতা পেয়ে গেছেন। দেশি-বিদেশি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ফোকাস পেয়েছেন। এসব কারণে তাদের সুস্থ ও ধীরস্থিরভাবে চিন্তা করার সক্ষমতা থাকার কথা নয়।

এনসিপি নেতাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। কিছু ব্যতিক্রম ছাড়া এই বয়সে মানুষের মস্তিষ্কে যুক্তি, সূক্ষ্ম বিবেচনা শক্তি, ধীরস্থিরতা থাকে না। থাকে আবেগ, রাগ, অনুরাগ, তীব্র যৌন আকাঙ্ক্ষা, যা স্বাভাবিক বিচার-বিবেচনার ক্ষমতা লোপ পাইয়ে দেয়। অল্প বয়সে ক্ষমতা, প্রভাব এবং টাকা থাকলে কথাই নেই! যৌনতা আসবেই।

বৈষম্যবিরোধী ছাত্ররা শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলেন, সেটি ছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান ও পোষ্যদের জন্য কোটা রাখার প্রতিবাদকে কেন্দ্র করে।

যদি আন্দোলনের শুরু এখান থেকে শুরু হয় তাহলে সহজভাবে বলতে হবে, এই আন্দোলনকারীরা বস্তুত লেখাপড়া শেষ করে একজন সরকারি কর্মচারী হতে চেয়েছিলেন।

শেখ হাসিনা সরকারের ভুল সিদ্ধান্ত এবং হত্যা ও নির্যাতনের মাধ্যমে শিক্ষার্থীদের দমন করার নীতি হিতে বিপরীত হয় এবং ক্রমান্বয়ে আন্দোলন শক্তিশালী হয়ে একসময় সরকারের পতন হয়।

গত বছরের ৪ আগস্টও যারা রাস্তায় পুলিশের সাথে সহিংসতায় যুক্ত ছিল, পরদিন তারাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তিনদিন পর সেই নেতাদের তিনজন মন্ত্রী। উঠে পড়লেন দামি গাড়িতে। পতাকা নিয়ে ঘোরেন। সবাই স্যার স্যার বলেন।

ক্ষমতা নেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বললেন, ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা এবং তিনি বিদেশে গিয়ে একজন উপদেষ্টাকে হাসিনা-বিরোধী আন্দোলনের ‘মাস্টারমাউন্ড’ বলেও পরিচয় করিয়ে দেন।

ছাত্রদের ঘেরাও আন্দোলনের কারণেই প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারকরা পদত্যাগ করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করতে বাধ্য হন।

তাদের মাধ্যমেই অধ্যাপক ইউনূসের সরকার সশস্ত্র আনসারদের বিক্ষোভ দমন করে। তাদের চাপেই পদত্যাগ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সচিবালয় থেকে শুরু করে রাস্তার ট্রাফিক হিসাবে কাজ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও শিক্ষার্থীদের কথায় ওঠেন বসেন।

বাংলাদেশ রেলওয়ের মতো কারিগরী প্রতিষ্ঠানে কেনাকাটায় একজন ছাত্রকে দায়িত্ব দেওয়া হয়। তাকে বসিয়ে সিনিয়র রেল কর্মকর্তাদের হেনস্থা করতেন একজন উপদেষ্টা।

তাদের দেওয়া এক ঘণ্টার আল্টিমেটামে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে সরকার।

এক কথায়, এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাই হয়ে উঠেছেন সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু।

এরপর বলা হলো, শিক্ষার্থীরা শেখ হাসিনাকে সরিয়েছে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়।

ছাত্ররা বললেন, তারা রাজনৈতিক দল গঠন করবেন। করলেনও। রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধার মধ্যে দিয়ে গঠিত হলো রাজনৈতিক দল এনসিপি। উদ্দেশ্য হলো, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। তারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন।

তারা মনে করেন, দেশের মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন!


সুতরাং, এতো অল্প বয়সে যদি এতো ক্ষমতা ও প্রভাব কোন ব্যক্তির কাছে যায় তাহলে তার মাথা ঠিক থাকবে না এটাই স্বাভাবিক।

ছাত্রদের দোষ দেওয়া ঠিক হবে না। দোষ সিনিয়রদের, যারা তাদের রাস্তা থেকে তুলে বঙ্গভবনে নিয়ে মন্ত্রী বানিয়েছেন, প্রশয় দিয়েছেন, অত্যুক্তি করেছেন, মাথায় তুলেছেন। বলেছেন, ‘আমরা পারিনি, এই জেন-জি প্রজন্ম পারবে।’

ফলাফল, এই সকল ছাত্রনেতার আর্থিকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড সামনে আসছে এবং ভবিষ্যতে আরও আসবে। একজন ছাত্র উপদেষ্টার এপিএস শত শত কোটি লোপাট করে দুর্নীতি দমন কমিশনের তদন্তের মধ্যে রয়েছেন। যদিও সেই উপদেষ্টা এখনও বহাল তবিয়তে রয়েছেন।

১৯৯০ সালেও ছাত্ররা আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটায়। কিন্তু তখন ছাত্র নেতাদের বাড়তে দেয়নি রাজনৈতিক দলগুলো।

যেমন, এরশাদের পতনের পর বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠলে সকল রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। করা হলে দেশের রাজনৈতিক ঐক্য নষ্ট হবে। ছাত্ররা সেই কথা মেনে নেয় এবং ছাত্রদের দ্বারা কোনো অনিষ্ট হয়নি। কোনো কেলেঙ্কারি হয়নি।

এনসিপির সমস্যা হলো, তাদের দলে কোনো সিনিয়র ও পোড়খাওয়া রাজনৈতিক নেতা নেই, যারা দলটিকে অভিজ্ঞতা দিয়ে, বাস্তবসম্মত পরামর্শ দিয়ে পরিচালনা করবেন। তাদের পরামর্শদাতারা হয় শিক্ষক, চিন্তক, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, ইউটিউবার অথবা অন্য কোনো পেশার মানুষ, যাদের দিয়ে রাজনীতি হবে না। ভোটে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে।

একদল মানুষ সমবেত হয়ে কমিটি ঘোষণা করলেই রাতারাতি রাজনৈতিক দল হয় না। দল হতে গেলে অনেক প্রতিকুল পরিস্থিতির মোকাবিলা করতে হয়। দরকার হয় বিভিন্ন পেশাদার গোষ্ঠীর আর্থিক ও সহায়তার পেশাগত সাহায্যের। যেগুলো এখনও পায়নি তারা।

হয়তো এনসিপি ভবিষ্যতে একটি রাজনৈতিক দল হয়ে গড়ে উঠবে। তবে এর মধ্যে যে ক্ষতি হয়ে গেছে, সেখান থেকে দলকে সঠিক পথে নেওয়া বিরাট চ্যালেঞ্জ।

যে নেতা-নেত্রীরা ৩০ বছর বয়সে সরকারপ্রধান এবং বিভিন্ন মন্ত্রী পর্যায়ের নেতাদের সাথে হরহামেশা বৈঠকে করে রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন, তারা কীভাবে সেই লোভ সামলাতে পারবেন, সেটি বোধগোম্য নয়।

মনে রাখতে হবে, রাজনীতির উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া হলেও তা একমাত্র কারণ নয়।

ছাত্র-ছাত্রীদের দোষ না দিয়ে বরং অল্প বয়সে, অসময়ে আমাদের শিক্ষার্থীদের ক্ষমতার বলয়ে নিয়ে গিয়ে কিছু প্রতিভাবান শিক্ষার্থীর নৈতিক অধঃপতন ঘটানোর দায়-দায়িত্ব কার, তা খুঁজে বের করতে হবে ভবিষ্যতের জন্য।

কামরান রেজা চৌধুরী
ফ্রিল্যান্স সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও লেখক

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বিডি আর্কাইভ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও