তোমাদের পানে চাহিয়া বন্ধু / আর আমি জাগিব না ।/ কোলাহল করি’ সারা দিনমান / কারো ধ্যান ভাঙিব না / নিশ্চল নিশ্চুপ / আপনার মনে পুড়িব একাকী / গন্ধবিধুর ধূপ।
(বাতায়ন পাশে গুবাক তরুর সারি / কাজী নজরুল ইসলাম )
জগতের চিরন্তন নিয়মে বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম.এ. ওয়াজেদ মিয়া বাংলাদেশের সব শ্রেণী-পেশার মানুষকে শোকের সাগরে ভাসিয়ে গত ৯ মে (২০০৯) চোখ বন্ধ করেছেন । এমন অমোঘ সত্য সংবাদ শুনেও ওইদিন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। বারবার টেলিভিশনে তার নীরব, নিথর মুখখানা দেখে আরও নিবিড় চোখে দেখতে গিয়ে অজান্তেই ঝাপসা হয়ে আসছিল দৃষ্টিশক্তি । বুঝে উঠতে পারছিলাম না। কোনো কিছু। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের হেয়ার রোডের বাসা ‘তটিনী’ থেকে বিকেল পাঁচটার দিকে বেরিয়ে মিরপুরের বাসায় পৌছেই প্রথম দুঃসংবাদটি পাই আমার ছয়-সাত বছর বয়সী নাতির মুখ থেকে । সে জানালো, ‘নানু, তোমার প্রিয় বন্ধু, যাকে তুমি টেলিভিশনের পর্দায় আমাকে দেখিয়েছ তিনি আর নেই।’ নাতির কথা বুঝতে না পেরে তার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে বুঝতে চেষ্টা করছিলাম। নাতি বলেই চলেছে, ‘তুমি যার অসুখের কথা গত ক’দিন ধরে বলতে তোমার সেই প্রিয় বন্ধু নেই।’ ধক করে উঠলো বুক। মুখ থেকেই অস্ফুটে বেরিয়ে এলো, কী ওয়াজেদ নেই’! হ্যাঁ নানু তোমার সেই বন্ধুই আল্লাহর নিকট চলে গেছেন, বেহেশতে চলে গেছেন, নাতির এসব কথায় তখন আর আমার মন নেই । বড় ছেলেকে সামনে দেখেই জিজ্ঞাসা করলাম, কি রে ওয়াজেদ নেই? সে শুধু নীরবে টিভি পর্দার দিকে ইশারায় আমার দৃষ্টি আকর্ষণ করলো । টিভিতে ডাক্তারের কান্নাজড়িত কণ্ঠে ওয়াজেদের চলে যাওয়ার আগের প্রত্যেক মুহূর্তের পরিস্থিতি উপস্থিত সব মানুষকে জানানোর দৃশ্যই শুধু দেখলাম । যন্ত্রসঙ্গীতে তখন বেজে চলেছে করুণ বেদনা-বিধূর সুর!
ওয়াজেদের সাথে আমার প্রথম পরিচয় ১৯৫৬ সালে রাজশাহী সরকারি কলেজে । আমরা দু’জনেই আই.এস-সি প্রথম বর্ষের ছাত্র তখন। আমাদের ক্লাসের দুটি সেকশন ছিল- ‘এ’ এবং ‘বি’ । আমরা দুজনেই ‘বি’ সেকশনের ছাত্র। আজও মনে আছে, ক্লাসে ওয়াজেদের রোল নম্বর ছিল দুই, আর আমার নিরানব্বই। রোল নম্বর এক ছিল ফারিজা বানু পিকু’র । আরও অনেক সতীর্থের মুখ মনে পড়ছে, সকলের নাম আজ আর মনে করতে পারছি না। কলেজ প্রাঙ্গণে কিংবা হোস্টেলে ওয়াজেদ আমাকে নামে না ডেকে ‘এই নাইনটি নাইন’ বলে ডাকতো। আগেই বলেছি ক্লাসে আমার রোল নম্বর নিরানব্বই ছিল। আমাদের মধ্যে সে খুবই মেধাবী ছাত্র হওয়ায় আমরা সতীর্থ তো বটেই, অধ্যাপক-অধ্যাপিকাগণের কাছেও ওয়াজেদ খুবই প্রিয় ছিল । কলেজ-জীবনে ওয়াজেদ তার সহজ সরল অনাড়ম্বর সাদাসিধে এবং অমায়িক ব্যবহার দিয়ে প্রত্যেককে মুগ্ধ করে রেখেছিল। পঞ্চাশ বছরেরও বেশি সময় পূর্বের কলেজ-জীবনের অনেক স্মৃতিময় মুখের মধ্যে ওয়াজেদের তৎকালীন চেহারাটাই আমার চোখের সামনে ভাসছে। ওয়াজেদ বেশির ভাগ সময় ফুলহাতা শার্ট এবং পায়জামা পরে ক্লাসে আসতো, আমাদের অধিকাংশ ছাত্রের পোশাক তৎকালে তাই-ই ছিল। খুব অল্প সংখ্যক ছাত্রই ফুলপ্যান্ট-শার্ট পরতো।
সেকালে অর্থাৎ পঞ্চাশ দশকের শেষ দিকে ছাত্রদের মধ্যে সাহেবি পোশাকের প্রচলন ছিল না বললেই চলে। রাজশাহী কলেজ প্রাঙ্গণের লাইব্রেরিসহ প্রধান প্রশাসনিক ভবনের পেছন-সংলগ্ন তৎকালীন ছোট বোটানিক্যাল গার্ডেনের পাশে অবস্থিত কমার্স ক্লাসের একতলা ভবন দুটো পার হয়ে আমরা কত দিন। একসাথে হেঁটে ফিজিক্স ভবনে গিয়েছি, সেই ছবির মতো স্মৃতি এখন আমার চোখে দীপ্যমান হয়ে উঠছে। আমি সাধারণ মানের ছাত্র ছিলাম। তাই অধিকাংশ সময় গ্যালারির পেছন সারিতে বসতাম। ওয়াজেদ, ফারিজা বানু পিকু, আজিজুর রহমান, ফরিদা, সালাম এবং আরও মেধাবী ছাত্রছাত্রী সামনের গ্যালারিগুলোতেই বসতো। ভালো ছাত্র-ছাত্রীদের দিকে প্রত্যেক বিষয়ের অধ্যাপক-অধ্যাপিকার প্রখর নজর ছিল। প্রতিযোগিতার মনোভাব নিয়ে ওয়াজেদ এবং অন্যান্য কয়েকজন মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করেই ক্লাসে আসতো, ক্লাসে কৃতিত্বের জন্য সবাই আমরা তাদের নিয়ে গর্ববোধ করতাম । অসাধারণ মেধাবী, পড়ুয়া এবং পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিতি লাভ করায় ওয়াজেদ প্রত্যেক অধ্যাপক-অধ্যাপিকার দৃষ্টি কেড়ে নিয়েছিল। আমার স্মৃতি বিভ্রম না হয়ে থাকলে আমার এখনও মনে পড়ে পড়াশোনার ক্ষেত্রে প্রধানত ওয়াজেদ এবং ফারিজার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। দু’জনই ক্লাস-পরীক্ষাগুলোয় প্রায় সমান-সমান উনিশ-বিশ মাত্রায় ভালো ফল করতো । আই.এস-সি চূড়ান্ত পরীক্ষায়ও তারা দু’জনে সেই ধারা বজায় রেখেছিল।
ওয়াজেদের কথা স্মরণ করতে বসে আমাদের কলেজ জীবনের সব শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকার কথাও তীব্র আবেগভরে মনে পড়ছে। আমাদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলায় তাদের অবদান ছিল অতুলনীয়। বাংলা বিষয় যারা পড়াতেন তাদের মধ্যে ড. কাজী আবদুল মান্নান, শিব প্রসন্ন লাহিড়ী, ইদ্রিস- আলী, মযহারুল ইসলাম, সুনীল মুখোপাধ্যায়, বেগম মমতাজ মল্লিক, একরামুল হক প্রমুখ । ইংরেজি পড়াতেন বর্তমান সময়ের জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, ইলিয়াস আহমেদ, রেজাউল করিম, রফি উদ্দিন আহমদ (সংস্কৃতি অঙ্গনের সুপরিচিত ব্যক্তি সালাহউদ্দিন আহমদ জাকির পিতা), আজহার হোসেন, মখলেসুর রহমান প্রমুখ । ফিজিক্স যারা পড়াতেন তাদের মধ্যে খুরশিদ মিয়া, আবদুর রাজ্জাক, ডি.পি. বড়ুয়া, লুৎফর রহমান প্রমুখের নাম মনে পড়ছে । কেমিস্ট্রির অধ্যাপক যাদের কাছে ওয়াজেদ খুবই স্নেহের পাত্র ছিল তারা হলেন কলেজের তৎকালীন ভাইস প্রিন্সিপ্যাল (নাম ঠিক মনে পড়ছে না সম্ভবত তিনি আহমদ আলী স্যার, তবে তাকে হাজী স্যার বলে জানতাম), নওয়াব আলী, মহম্মদ আলী, ওয়ালিউর রহমান। অঙ্কের স্যারদের মধ্যে জহুরুল হক, আবদুস সালাম, ফাররুখ খলিল প্রমুখের নাম মনে পড়ছে । কলেজ-জীবনের যেসব স্যারের নাম এখানে উল্লেখ করেছি, তাদের মধ্যে এত বছর পর কে জীবিত আছেন বা নেই তা বলতে পারছি না, তবে কবীর চৌধুরী স্যারের কথা আজ খুবই মনে পড়ছে। পঁচাশি বছরেরও বেশি বয়সী এই স্যার আজও যেমন অবিরাম দেশ ও জাতির স্বার্থে পরিশ্রম করে চলেছেন, তার আদর্শ অনুসরণ করে ঠিক তেমনই ওয়াজেদ তার সারা জীবনই দেশ, জাতি ও বিজ্ঞান-চর্চার জন্য কী করা যায় তা নিয়ে চিন্তা করেছে। আমাদের সময় সব স্যারই তাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে সন্তানের মতো দেখতেন । ওয়াজেদ প্রকৃত অর্থেই ভাগ্যবান ছিল এ জন্য যে, সে কলেজ-জীবনেও এইসব গুণী শিক্ষক-শিক্ষিকাকে পেয়েছিল যারা অভিভাবকের দায়িত্ব নিয়ে তার প্রতি যত্ন নিয়েছিলেন। আমাদের শিক্ষা- জীবনের পথ-পরিক্রমায় তাদের সেই অভিভাবকত্বের সুফল ওয়াজেদ মিয়ার কর্মজীবনেও প্রতিফলিত হয়েছিল।
উল্লেখ করা প্রয়োজন, ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়াশোনা করার সময়ই সে তার শিক্ষাদাতাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এ কথা সে একাধিকবার আমাকে বর্তমান পরমাণু শক্তি কেন্দ্রের অফিসে বলেছিল। সেসব মুহূর্তে ওয়াজেদ আরও বলেছিল যে, সে তার আত্মজীবনী লেখায় হাত দিয়েছে এবং প্রাইমারি স্কুলে পড়ার স্মৃতি পর্যন্ত লিখে ফেলেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন এবং সমগ্র জীবনের স্মৃতিকথা লেখার ইচ্ছা সে প্রকাশ করেছিল । জানি না, সে তার স্মৃতিকথা লেখায় কতদূর অগ্রসর হতে পেরেছে । অসুস্থ হয়ে পড়ার পর ওয়াজেদের সাথে মাত্র দু’বার দেখা করতে পেরেছিলাম । একবার পরমাণু শক্তি কেন্দ্র থেকে অবসর গ্রহণের পর তার তৎকালীন কর্মস্থল নাভানায় এবং দ্বিতীয়বার অসুস্থ ওয়াজেদ চিকিৎসা গ্রহণ শেষে ল্যাব এইড হাসপাতাল থেকে যেদিন ছাড়া পেয়ে তার নিজ বাসভবন সুধা সদনে যায়। আমি এবং রাজনীতিবিদ মোনায়েম সরকার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। ওয়াজেদ আমাদের দু’জনকেই তার বাসায় অসুস্থ শরীরেও নিয়ে গিয়েছিল। সেদিন সে শিশুর মতো সরল আবদেরে ভঙ্গিতে মোনায়েম ভাই আর আমাকে তার সঙ্গে ধানমন্ডির বাড়িতে যেতে বলে । আমরা তার গাড়ি অনুসরণ করে সুধা সদনে গিয়েছিলাম । নেত্রী শেখ হাসিনা তখন শেরে বাংলা নগরের সাবজেলে বন্দী ছিলেন। সেদিন মোনায়েম ভাই ছিলেন বলে কিছু রাজনৈতিক কথা এবং দেশে বিজ্ঞানের কিছু অবদান কীভাবে কাজে লাগানো যায়, সে-সম্পর্কে তার চিন্তা-ভাবনার কথা আমাকেও শুনিয়েছিল। সেদিনই জেনেছিলাম তার সমুদ্র সৈকত খনিজ বালি গবেষণা প্রকল্পের মতো একটি মহতী উদ্যোগের কথা।
পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান পদে থাকাকালে ওয়াজেদ এই প্রকল্পের কাজ কিছুদূর এগিয়ে নিতে পারলেও ১৯৯৯ সালে অবসর গ্রহণের পর এই কাজে তেমনভাবে সক্রিয় থাকতে পারেনি। তবু, ওয়াজেদ তার নিজের প্রকল্প মনে করে অবসর গ্রহণের পরও এ সম্বন্ধে নিয়মিত খোঁজখবর রাখতো । এই প্রকল্পের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে কাজ করার আগ্রহের কথা সেদিন সে আমাদের শোনায়। কিন্তু ওয়াজেদের এই ইচ্ছে পূরণ হয়নি সরকারি চাকুরি-বিধির ব্যত্যয় ঘটিয়ে তার চাকুরির মেয়াদ বৃদ্ধি না হওয়ায় । ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলেও ওয়াজেদ অবসর গ্রহণের পর সরকারি কোনো পদে চুক্তিভিত্তিতে নিয়োগ লাভ করেনি । তা সত্ত্বেও ওয়াজেদ দেশকে বিজ্ঞান গবেষণায় এগিয়ে নিতে জীবনের শেষ দিন পর্যন্ত চিন্তা-ভাবনা করেছে। ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের কোনো কোনো কর্মকাণ্ডকে ওয়াজেদ মোটেই গ্রহণযোগ্য মনে করেনি । নেত্রী শেখ হাসিনাকে ঠুনকো অজুহাতে গ্রেফতারের বিষয়কে ওয়াজেদ ঘৃণাভরে দেখেছিল। সে বলেছিল, দেখো দোস্ত তোমাদের নেত্রী এসব বাজে অভিযোগ থেকে সসম্মানে অব্যাহতি পাবে । কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন শেষে কর্মজীবনে যখনই আমাদের দেখা-সাক্ষাৎ হতো তখন ওয়াজেদ আমাকে হয় ‘আশফাক’ নয়তো ‘দোস্ত’ বলে সম্বোধন করতো। ল্যাব এইড থেকে তার পেছন পেছন মোনায়েম ভাই আর আমি ওয়াজেদের সুধা সদনে যাওয়ার পর তাকে খুবই উৎফুল্ল দেখাচ্ছিল। হাসপাতালের সীমাবদ্ধতা বাধ্যবাধকতা যেন তার পছন্দনীয় ছিল না । সে তার অসুস্থ শরীর নিয়েও আমাদের চা-পান করানোয় ব্যস্ত হয়ে পড়েছিল। হাসপাতাল থেকে সদ্য বাড়িতে ফিরে ওয়াজেদকে সেদিন খুবই প্রাণোচ্ছল দেখেছিলাম। সোফায় তার পাশে বসে চা পান করতে-করতে বোধহয় সে সামান্য অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ তার হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙ্গে গেলে ওয়াজেদ উঠে দাঁড়িয়ে দোতলা থেকে নামার সিঁড়ির দিকে কাউকে ডাকতে গেল। আমার দৃষ্টি ভ্রম হতে পারে, ওয়াজেদকে একটু আবেগাপ্লুত মনে হয়েছিল। মোনায়েম ভাই আর আমি তাকে ডেকে নিয়ে আবার সোফায় এসে বসলাম। কিছুক্ষণ আলাপ করে দোতলা থেকে গেট পর্যন্ত যেতেই ওয়াজেদ পেছন থেকে আমাদের আবার ডেকে নিল। কিছুক্ষণ কথা বলে উঠতে চাইলে সে আরও কথা বলতে চায় । তার বিশ্রাম নেওয়া প্রয়োজন বলে আমরা চলে এলাম । ফেরার পথে মনে হলো ওয়াজেদের একাকীত্ব হয়তো ভাল লাগছে না।
ঢাকার সেগুনবাগিচাস্থ নাভানা অফিসে ওয়াজেদের সাথে দেখা করার কথা কিছু আগে উল্লেখ করেছি। সরকারি চাকুরি থেকে অবসরপ্রাপ্ত ওয়াজেদকে একদিন তার বাসায় টেলিফোনে যোগাযোগ করি। তখন আমিও বাংলা একাডেমীর চাকুরি থেকে অবসরপ্রাপ্ত হয়ে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া কর্তৃক প্রতিষ্ঠিত গবেষণা-প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত। ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত মোনায়েম সরকারের পক্ষ থেকে তাকে আমাদের অফিসে আসার আমন্ত্রণ জানালে ওয়াজেদ আমাকে তার নাভানা অফিসে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসতে বলে। আমি যথাসময়ে গিয়ে তার অফিসের প্রতিপালনীয় বিধি অতিক্রম করে অফিস কক্ষে প্রবেশ করে বসতে কি না বসতেই একজন দেহরক্ষী এসে আমাকে জিজ্ঞাসা করলেন, ‘আপনি কিভাবে ঘরে ঢুকলেন’? অফিসীয় বিধি প্রতিপালনকালে সম্ভবত ওয়াজেদের ওই দেহরক্ষী কাছাকাছি না থাকায় অথবা ওয়াজেদের নিরাপত্তার বিষয়টি আমার অজ্ঞাত থাকায় আমি মোটামুটি দ্রুত বেগেই ঢুকে পড়েছিলাম তার অফিস কক্ষে। যাইহোক, দেহরক্ষীর প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওয়াজেদ পরিস্থিতি সামাল দেয়। দেহরক্ষী পরে খুবই বিনয়াবত হয়ে দুঃখ প্রকাশ করেন । ওয়াজেদকে নিয়ে আমি ফাউন্ডেশন অফিসে আসি। মোনায়েম ভাই অপেক্ষায় ছিলেন। সেদিন সুখ-দুঃখের অনেক কথার সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনের বিষয়ও আলোচনায় আসে। বাংলাদেশে বিজ্ঞান-চর্চায় তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা সেদিনও সে আমাদের শোনায়। অ্যাপ্লায়েড ফিজিক্সের ছাত্র মোনায়েম ভাই তার পরিকল্পনার কথা শুনে শুধু বলতে পেরেছিলেন যে, Ôওয়াজেদ ভাই, আশা করি আপনার স্বপ্ন একদিন সফল হবেই। আমার ‘সিসটার’ নিশ্চয়ই এর বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মোনায়েম ভাই নেত্রীকে (শেখ হাসিনাকে) সিসটার সম্বোধন করে থাকেন। সেদিন দুপুরে আমরা মোনায়েম ভাইয়ের খালামা’র বাসায় একসঙ্গে খাওয়া-দাওয়া করেছিলাম।
চাকুরি জীবনের শেষ পর্যায়ে আমরা কাছাকাছি প্রতিষ্ঠানে কাজ করেছি। ওয়াজেদের অফিসের পাশেই আমার কর্মস্থল বাংলা একাডেমী হওয়ায় মাঝে মাঝে তার কাছে যেতাম, টেলিফোনেও কথা হতো। ওয়াজেদ সময় সুযোগ মতো কোনো কোনো দিন টেলিফোন করে বই মেলা’য় আসতো বই কিনতে, তার লেখা বইগুলোর কেমন চাহিদা সেসব ঘুরে ঘুরে দেখতে ও জানতে । অনেক বড় মাপের এই বন্ধুর সাথে বইমেলায় হাঁটার সময় নিজেকে ভাগ্যবান মনে হতো । বইমেলা উপলক্ষে বাংলা একাডেমীতে এলেই সে আমার অফিস কক্ষে বসতো। তার আগমনের খবর জানাজানি হলেই দেখতাম সবার মধ্যে এক ধরনের ঔৎসুক্য সৃষ্টি হয়েছে। যারাই কাছাকাছি উপস্থিত থাকতো তারা সবাই ওয়াজেদের কথা শোনার জন্য উদগ্রীব হয়ে উঠতো। দেখেছি, মেলায় এসে ওয়াজেদ কখনও রাজনৈতিক কথা বলতো না। প্রধানত বইমেলা প্রসঙ্গে দু’একটি কথা এবং কিছু কিছু ব্যক্তিগত অনুভূতির কথা বলতো। কিন্তু সে রাজনীতি-সচেতন ছিল। তার এই সচেতনতা আমি ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ. এইচ. হলে থাকাকালে লক্ষ্য করেছি, তৎকালে সবাই করেছে। বিগত ১৯৬২ সালের ছাত্র-আন্দোলনে সম্পৃক্ত হওয়া ছাড়াও সে এফ. এইচ. হলের ছাত্র সংসদে ভিপি নির্বাচিত হয়েছিল । সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতেও প্রবেশের সূচনা হয়েছিল। আজীবন সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল আস্থা রেখেছিল। তার রাজনৈতিক বিষয় নিয়ে লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ নামক গ্রন্থটি এর প্রকৃষ্ট দৃষ্টান্ত। এ ছাড়াও দেশ, জনগণ, অর্থনীতি বিষয়ক সমস্যা ও তার সমাধান প্রশ্নেও ওয়াজেদ তার মূল্যবান অভিমতসহ গ্রন্থ রচনা করেছে। বইমেলায় ওয়াজেদের সঙ্গে আমার একদিনের অন্তরঙ্গ সময় কাটানোর কথাও মনে পড়ছে। তখন রমজান মাস । মেলায় ঘুরতে ঘুরতে প্রায় ইফতারের সময় হয়ে এলো। আমি তাকে আমার অফিস-কক্ষে (বাংলা একাডেমীর প্রেস ভবনের নিচতলায়) ইফতারে অংশ নিতে অনুরোধ করলে ওয়াজেদ বলেছিল, ‘দোস্ত আজ নয়, আগামীকাল তোমার অফিসেই ইফতার করবো। তোমার বউয়ের হাতে তৈরি ইফতার খাবো। পরের দিন ওয়াজেদ তার কথা রেখেছিল । আমার স্ত্রী সাধারণ মানের দ্রব্য-সামগ্রী দিয়ে ইফতার তৈরি করে আমার দুই ছেলেকে দিয়ে বাংলা একাডেমীতে পাঠিয়ে দিয়েছিলেন। ওয়াজেদ নির্দ্বিধায় আমাদের সঙ্গে সেদিন ইফতার করেছিল। ইফতারের পর আমি ওয়াজেদকে বাংলা একাডেমী প্রকাশিত কয়েকটি বই সৌজন্য কপি হিসেবে দিলে সে কৌতুকচ্ছলে বলে, ‘দোস্ত তুমি কি এগুলো আমাকে দিচ্ছ নাকি মাননীয় প্রধানমন্ত্রীর স্বামীকে?’ একজন আত্মমর্যাদাবান ওয়াজেদই এমনভাবে তার ঘনিষ্ঠ জনদেরও বলতে পারতো । উল্লেখ করা প্রয়োজন, ওয়াজেদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হিসেবে কখনও দম্ভ বা আত্মম্ভরিতা দেখায়নি । বরং ‘স্ত্রী’র প্রধানমন্ত্রী পদটিকে মর্যাদাপূর্ণ বলে গণ্য করতো সে। একদিন কোনো কথা প্রসঙ্গে ওয়াজেদ স্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে তার মর্যাদাবোধ প্রকাশ করে আমাকে বলেছিল, ‘দোস্ত, শি ইজ নাও অ্যা পাওয়ার । স্ত্রী’র প্রধানমন্ত্রিত্বের প্রতি ওয়াজেদের অপরিসীম মর্যাদাবোধ এমনই ছিল । পাশাপাশি আমাদের কর্মস্থল হলেও আমরা যেন বহু দূরেই ছিলাম । কারণে-অকারণে আমিই যেতাম তার সাথে কথা বলতে, বিশেষত -জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতি মনে করতে। এ সময় কলেজ- দু’একবার কোনো-কোনো পরিচিত জনের জন্য কিছু করতে তাকে অনুরোধ করেছিলাম। সে কথা পরে বলছি।
কলেজ-জীবন শেষে ওয়াজেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স-এ অনার্স নিয়ে ভর্তি হয়, তখন রাজশাহী কলেজের কোনো কোনো সতীর্থও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদিতে ভর্তি হয়েছিল। আমি ওয়াজেদের এক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি বিভাগে অনার্স ক্লাসে ভর্তি হয়ে এফ. এইচ. হলের আবাসিক ছাত্র হওয়ার সুবাদে পুনরায় ওয়াজেদকে একই হলের সঙ্গী (Hall mate) হিসেবে পাই। একান্ত ব্যক্তিগত কারণে আমি বেশি কাল ওয়াজেদের হলমেট থাকতে পারিনি। কেমিস্ট্রি ক্লাসে প্রায়ই অনুপস্থিত থাকার কারণে পার্সেন্টেজ শর্ত- এর (ক্লাসে কম উপস্থিতির হারের) কবলে পড়ি এবং তৎকালীন বিভাগীয় প্রধান খন্দকার মোকাররম হোসেনের কঠোর নিয়মানুবর্তিতার জন্য আমাকে অনার্স পরীক্ষা বাদ দিতে হয় । অন্যান্য হলমেট এবং ওয়াজেদের সঙ্গে দেখা না করেই দেশে ফিরে নাটোর সিরাজুদ্দৌলা কলেজে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হই । সেখান থেকে ডিগ্রি পরীক্ষায় পাস করে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে জার্নালিজম ক্লাসে ভর্তি হই। এসব কথা শুনে পরবর্তীকালে ওয়াজেদ আমাকে বন্ধু হিসেবে ভর্ৎসনাই শুধু করেনি, বলেছিল ঢাকা ছেড়ে নাটোরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে না জানানোটা ঠিক হয়নি হয়তো ওয়াজেদের কথাই ঠিক, কারণ কেমিস্ট্রি আমার সাবসিডিয়ারী বিষয় ছিল। এ পরীক্ষা অনার্স পরীক্ষার পরেও দেওয়া যেত। তৎকালীন এ নিয়মের কথা মফস্বল থেকে আসা আমি আগে জানতাম না, ওয়াজেদই আমাকে প্রথম জানিয়েছিল । সেদিন অনুশোচনা যেমন হয়েছিল তেমনি লজ্জাও পেয়েছিলাম। নাটোর চলে যাওয়ায় বিগত ১৯৬১ সালের শেষ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ওয়াজেদের সাথে দেখা-সাক্ষাৎ বন্ধই হয়ে যায় আমার । ঢাকায় আমি জার্নালিজম পড়াশোনার সাথে সাথে কর্মজীবনে প্রবেশ করি। ওয়াজেদও তৎকালে সম্ভবত ১৯৬৩ সালের দিকে আণবিক শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করে। আমি ঢাকার তেজগাঁও পলিটেকনিক হাইস্কুল এবং শাহীন স্কুলে চাকুরি করতে করতে তৎকালীন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের চাকুরি পাই। তখনও জানতাম না ওয়াজেদ কোথায়, কি অবস্থায় আছে। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে উক্ত বোর্ড সাবেক বেঙ্গলি একাডেমীর সাথে একীভূত হলে আমিও পরমাণু শক্তি কেন্দ্রের পাশে অবস্থিত বর্ধমান ভবনের সমন্বিত বাংলা একাডেমীতে চলে আসি। মুক্তিযুদ্ধের আগে অনেকগুলো বছর এবং তারপরেও আরও অনেকদিন ওয়াজেদের সাথে দেখা-সাক্ষাৎ হয়নি বললেই চলে। তবে তার খবর আণবিক শক্তি কমিশনে কর্মরত তারই কোনো-কোনো সহকর্মীর মুখে পেতাম। প্রসঙ্গত ওয়াজেদের সহকর্মী ড. শেখ, ফ, ব, আল-সিদ্দিক, সুলতান আহমদ প্রমুখের নাম মনে পড়ছে। নিভৃতচারী ওয়াজেদ সম্বন্ধে যেটুকু খবর তাদের কাছ থেকে পেতাম তাতে আমি আনন্দিত হতাম।
একটু আগে উল্লেখ করেছি যে, বন্ধু ওয়াজেদের কাছে কারও কারও জন্য অনুরোধ করেছিলাম । এ প্রসঙ্গে, ওয়াজেদের নীতিনিষ্ঠতার এক অপূর্ব পরিচয় আমি পাই । ওয়াজেদ আমাকে স্পষ্ট ভাষায় বলেছিল, ‘দেখ দোস্ত, আমাকে অনৈতিক অনুরোধ করো না। তোমার কাজটি করতে না পারলে আমি মনে মনে কী যে কষ্ট পাবো তা তুমি বুঝবে। কাজেই এমন কিছু বলো না যাতে আমি বিব্রত হই। আমিও তাকে আশ্বস্ত করে বলেছিলাম, ‘দোস্ত, আমি আমার ছেলেমেয়ের জন্যেও এমন কোনো অনুরোধ নিয়ে আসবো না। যাতে তুমি বিব্রত হও। তবে, আমি আমার অনুজপ্রতীম এক রাজনৈতিক কর্মীর জন্য তোমাকে বলবো, যদি তোমার পক্ষে সম্ভব হয় তবেই নেত্রীকে তুমি তার কথা বলতে পার।’ সপ্তম জাতীয় নির্বাচনের আগে মনোনয়নপ্রার্থী আমার এক ভক্ত এবং অনেকেরই প্রিয়ভাজন ছাত্রনেতা পরে আওয়ামী লীগের এক কর্মী দল থেকে শরিয়তপুরের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক হয় । এই তরুণ রাজনীতিকের নাম একটি স্লিপে লিখে ওয়াজেদকে দেই। স্লিপে লেখা নামটি দেখে ওয়াজেদ আমার কাছে জানতে চেয়েছিল, সে মুক্তিযোদ্ধা ছিল কিনা? ওয়াজেদকে ইতিবাচক উত্তর দেওয়ায় সে আমাকে আশ্বস্ত করে বলেছিল, তাহলে দোস্ত মনোনয়ন পেতে পারে। মনোনয়ন বোর্ডের সামনে আমার অনুজপ্রতীম তরুণ রাজনৈতিক কর্মীটি উপস্থিত হয়েছিল এবং সে নির্বাচনে অংশগ্রহণের মনোনয়নও লাভ করে । কিন্তু দুর্ভাগ্য, মনোনয়ন লাভের পর তারই এলাকার বড় মাপের এক শ্রদ্ধেয় নেতার কাছে রাতে ওই কর্মীটি আশীর্বাদ নিতে গেলে দৃশ্যপট পাল্টে যায়। নেত্রীকে ওই নেতা টেলিফোনে এমন কিছু কথা বলেছিলেন যাতে দূরদৃষ্টিসম্পন্ন প্রখর মেধাবী নেত্রী আঁচ করেছিলেন যে, ঐ মনোনয়নপ্রাপ্ত কর্মীর বিপক্ষে অবস্থান নেওয়া হতে পারে, তাই তিনি (নেত্রী) অনুজ-প্রতীম কর্মীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পরামর্শ দেন। এতে সে মনোনয়ন বঞ্চিত হয় । তার পরিবর্তে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। মনে এমন অনেক স্মৃতি জমা হয়ে আছে । সেগুলো হয়তো আর কোনো দিন। বলা হবে না । সতীর্থ বহুমাত্রিক বিজ্ঞানী ওয়াজেদ আমাদের শোকাহত করে চিরতরে চলে গেছে এটাই সত্য। বাংলাদেশের এই কৃতী সন্তানকে হারিয়ে আমরা বেদনার্ত অন্তকরণে মহান সৃষ্টি কর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।
এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বিডি আরকাইভ অনলাইন-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।





