মেট্রোট্রেনের মতো আধুনিক সুবিধা নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালু করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) দুপুরে নগরীর চাষাঢ়া রেলস্টেশনে কমিউটার ট্রেন চলাচলের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রেলসূত্রে জানা যায়, নতুন কমিউটার ট্রেনটি প্রতিদিন ১৬ বার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাওয়া আসা করবে। প্রতিট্রেনে কমপক্ষে ১২০০ যাত্রী চলাচল করতে পারবেন। চাষাঢ়া স্টেশন মাস্টার খাজা মো. সুজন বলেন, রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত প্রায় সাড়ে ১৬ কিলোমিটার পথ। এই পথ মাত্র ৪৫ মিনিটেই অতিক্রম করতে পারবেন কমিউটার ট্রেনের যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের দাবি, সেবার মান বাড়ানো হলেও বাড়ানো হয়নি ট্রেনের ভাড়া। টিকিটে আগের দামই বহাল রাখা হয়েছে। ফলে যাত্রীরাও অনেক খুশি। যাত্রীরা জানান, নতুন কমিউটার ট্রেনটি পুরনো ট্রেনের চেয়ে অধিক গতিসম্পন্ন এবং ভেতরের পরিবেশও বেশ আধুনিকমানের। ফলে ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীরা আগের চেয়ে কম সময়ে ও স্বস্তিতে ট্রেনে যাতায়াত করতে পারবেন।
নতুন কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার খাজা মো. সুজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়তে নানা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। সেই কর্মসূচির অংশ হিসেবে রেলের যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং যাত্রা স্বস্তিদায়ক করতে রেল মন্ত্রণালয়কে আমি অনুরোধ করেছিলাম। যার ফলশ্রুতিতে মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জবাসী ও যাত্রীরা পেলেন অত্যাধুনিক কমিউটার ট্রেন।



