নারায়ণগঞ্জে নিম্ন আয়ের মানুষের কোরবানির পশুর চাহিদা মেটাতে এবারও স্বল্প মূল্যে গরু প্রস্তুত করেছে একটি খামার। মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যাবে দেশি জাতের গরু। পাশাপাশি মধ্যবিত্ত ও বিত্তবানদের স্বামর্থ্য অনুযায়ী গরুও রয়েছে খামারটিতে। তাই কোরবানির পশুর হাট শুরু হওয়ার আগে থেকেই খামারটিতে অগ্রিম বুকিং নেয়া হচ্ছে।
কোরবানির ঈদ এলেই বিভিন্ন পশুর হাট বা খামারে দেখা যায় বিত্তবানদের নজর কাড়তে উচ্চ মূল্যে গরু বিক্রির অসুস্থ প্রতিযোগিতা। দেশি বিদেশি চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের নামে কোরবানির পশুর নামকরণ করে ডিসপ্লে করার প্রচলনও চলছে গত কয়েক বছর ধরে।
এমন বাস্তবতায় কোরবানির পশু কিনতে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কায় দ্বিধা-দ্বন্দ্ব ও অস্বস্তিতে ভোগেন সাধারণ ক্রেতারা। তাদের জন্য পরিচ্ছন্ন পরিবেশে ও সাশ্রয় মূল্যে স্বাচ্ছন্দে কোরবানির পশু কেনার সুযোগ সৃষ্টি করেছে ইমপেক্স এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নামে নারায়ণগঞ্জের একটি খামার। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশুর চাহিদা মেটাতে খামারটি গড়েছেন স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম শ্যামল।
জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর মাধবপাশা এলাকায় অবস্থিত এই খামারে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে কোরবানির উপযোগী দেশি জাতের সুস্থ গরু। পাশাপাশি অন্যান্য ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত মূল্যের গরুও আছে খামারটিতে।
যুক্তরাষ্ট্রের ব্রাহমা, ভারত-পাকিস্তানের শাহিওয়াল, সিন্ধি, হরিয়ানা, কংক্রাজ, অষ্ট্রেলিয়ার হলেস্টিন ফ্রিজিয়ান ও মুন্সীগঞ্জের মীরকাদিমের বিখ্যাত হাসা সহ দেশি বেশ কয়েক জাতের দেড়শ’ গরু এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছে খামার কর্তৃপক্ষ। তবে বেশি প্রাধান্য দেয়া হয়েছে দেশি জাতের গরুগুলোকে। পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ টাকা মূল্যের হৃষ্টপুষ্ট অর্ধ শতাধিক দেশি গরু রয়েছে এখানে।
একই সঙ্গে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে উন্নত জাতের মহিষ, খাসি ও ভেড়া। সাড়ে চার লাখ টাকায় মহিষ, ১৫ হাজার থেকে ২০ হাজার টাকায় খাসি এবং ১০ হাজার থেকে ২৫ হাজার টাকায় ভেড়া বিক্রি হচ্ছে খামারটিতে।
এছাড়া কোরবানির পশু বাড়িতে রাখা বা লালন পালনের জায়গা সংকট নিরসনে ক্রেতাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে খামার কর্তৃপক্ষ। গরু বুকিং দেয়া বা কেনার পর থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এই খামারেই বিনা খরচে রাখতে পারবেন যে কোনো ক্রেতা। খামারটির পরিচ্ছন্ন পরিবেশ ও নানা সুযোগ সুবিধার কারণে গরু কিনতে প্রতিদিন রাজধানি সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা-দর্শণার্থীরা আসছেন এই খামারে। সব কিছু মিলিয়ে খামারটির প্রতি আস্থার কথা জানান তারা।
ইমপেক্স এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম শ্যামল জানান, অন্যান্য খামারের মতো মোটা-তাজাকরণের গতানুগতিক প্রক্রিয়া ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন পালন করা হয়তার খামারে। প্রতিটি গরুকে কাঁচা ঘাস, ভুট্টা, খড়, গমের ভুসি, ভুট্টা গুঁড়া ও বুটের ছোলা সহ ৩১ প্রকার পাকৃতিক দানাদার খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে বড় করা হয়। এছাড়া নিজস্ব পশু চিকিৎসকের তত্ত্বাবধানে পশুগুলোর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন দেয়াসহ খুব যত্নের সঙ্গে পরিচর্যা করেন খামার কর্মীরা।
খামার মালিক সাইফুল ইসলাম শ্যামল বলেন, সঠিক ওজন ও সাশ্রয় মূল্যে সুস্থ পশু পাওয়া যায় বলে আমার খামারের প্রতি সব শ্রেণীর ক্রেতাদের আস্থা জন্মেছে। তাই গত বছর কোরবানির জন্য যারা আমার খামার থেকে গরু নিয়েছেন তারাই আবার এ বছর বুকিং দিচ্ছেন। ইনশাল্লাহ ঈদের গেই আমার সব গরু বিক্রি হয়ে যাবে আমি আশা রাখি।
তবে এই সুনাম সততার সঙ্গে ধরে রাখার পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেবার মান আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে খামার মালিক সাইফুল ইসলাম শ্যামল বলেন, আমার এখান থেকে যারা গরু কিনবেন, আমি যে ওজনের কথা বলব ইনশাল্লাহ ওজনে এক কেজিও কম হবে না। বরং বেশি হবে। আমি এই নিশ্চয়তাটুকু দিতে পারি। কেউ যদি কমপ্লেইন করে তার গরু ওজনে কম হয়েছে আমি সাথে সাথে তাকে ক্ষতিপূরণ দিয়ে দেব। আমি প্রতারণা করে ব্যবসা করি না। সততার সাথে ব্যবসা করি। তাই মানুষ আমার ওপর আস্থা রাখে।
চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খামারটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কলের মাধ্যমে যে কেউ কোরবানির জন্য গরু বা অন্য কোনো পশু পছন্দ করে বুকিং দিতে পারবেন বলেও জানান খামার মালিক সাইফুল ইসলাম শ্যামল।



