নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত ৬ জুন সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, আগামী এপ্রিলে নির্বাচন হবে। কিন্তু আমরা মনে করি, এটা নির্বাচনের জন্য উপযোগী সময় নয়। কেননা এই সময়ে নির্বাচন হলে পুরো রোজার মাসে নির্বাচনি প্রচার চালাতে হবে। প্রতিদিন ইফতার পার্টি হবে। নির্বাচনি ব্যয় বেড়ে যাবে অনেক গুণ। দ্বিতীয়ত, এই সময়ে প্রচণ্ড গরম থাকবে। নির্বাচনি প্রচারে প্রার্থীদের কষ্ট হবে। দিনের বেলায় জনসভায় লোক পাওয়া যাবে না। রাতে মিটিং করতে হবে। এটা বাস্তবসম্মত নয়। তাছাড়া এপ্রিল মাসে ঝড়বৃষ্টিরও শঙ্কা থাকে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অধিকাংশ জাতীয় নির্বাচনই হয়েছে ডিসেম্বর জানুয়ারি বা এরকম শুকনো মৌসুমে। তিনি বলেন, ‘আমরা এখনও মনে করি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব।’
সরকার বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। নির্দলীয় তত্ত্বাবায়ক সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনা আপাতত নেই বলেও তিনি মনে করেন।






