বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের গত ২২ মার্চ সংখ্যায় ‘ড. ফখরুদ্দীন : দ্য বস অব বাংলাদেশ’ শীর্ষক এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকার নিয়েছিলেন সাংবাদিক সাইমন রবিনসন। রবিনসন সাক্ষাৎকারের এক পর্যায়ে বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক দল গঠন সম্পর্কে এক প্রশ্ন করেছিলেন। প্রধান উপদেষ্টা জবাবে বলেন, ‘As an economist I always think that allowing better choices. whether in politics or economics or any area, is a good thing. This is what was missing earlier: good, honest candidates were prevented or discouraged from coming forward and participating in the electoral process. The more such people do, the better for this country’s democracy (অর্থনীতিবিদ হিসেবে আমি সব সময় মনে করি, রাজনীতি, অর্থনীতি কিংবা অন্য যে-কোনো ক্ষেত্রেই হোক-না-কেনো সুনির্বাচন করার সুযোগ দেওয়া একটি উত্তম বিষয়। আগে এই বিষয়টিরই অভাব ছিল : ভালো, যোগ্য প্রার্থীদের নির্বাচন-প্রক্রিয়ায় এগিয়ে আসায় বাধা দেওয়া হতো কিংবা অংশগ্রহণে নিরুৎসাহিত করা হতো । রাজনীতিতে যতই এমন ব্যক্তি এগিয়ে আসবেন, দেশের গণতন্ত্রের জন্য ততই তা মঙ্গল হবে)। ড. ইউনূসের রাজনীতিতে আসার কথায় এ দেশের রাজনীতিবিদসহ সুশীল সমাজের অধিকাংশ মানুষ অভিনন্দন জানিয়েছিল। তবে, কিছু রাজনীতিবিদ ড. ইউনূসকে নিন্দিত হওয়ার জন্যেও মানসিক প্রস্তুতি নিতে বলেছিলেন । রাজনীতিবিদদের এ কথার মধ্যে কিছু রূঢ়তা যে নেই তা বলবো না, আছে । কিন্তু কেন, সেটা ভেবে দেখা দরকার । পাঠকবৃন্দের নিশ্চয় মনে আছে, ড. ইউনূস বাংলাদেশের রাজনীতিবিদদের সম্বন্ধে একবার ঢালাও মন্তব্য করে বলেছিলেন, শুধু অর্থের জন্য বাংলাদেশের রাজনীতিকগণ রাজনীতি করেন । তার এ কথায় তীব্র প্রতিক্রিয়া হয় । ড. ইউনূসের ওই মন্তব্য কী একেবারেই অসত্য ছিল! অনেকেরই হয়তো মনে হবে, তার কথার মধ্যে সত্যতা একশ’ ভাগ না হলেও উল্লেখযোগ্য পরিমাণে তা ছিল। তা না হলে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেসব রুই-কাতলা সদৃশ দুর্নীতিপরায়ণ ব্যক্তি অভিযুক্ত হচ্ছেন, তাদের বেশিরভাগ ব্যক্তি রাজনীতির সঙ্গে কোনো- না-কোনোভাবে জড়িত ছিলেন। সরকারি, বেসরকারি আমলা-কর্মচারি, ট্রেড ইউনিয়নের নেতাদেরও রাজনীতির সঙ্গে দহরম-মহরম বেশ ঘনিষ্ঠভাবেই ছিল। এমনকি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারও (ভূমি দস্যুরাও) পবিত্র জাতীয় সংসদে সংসদ-সদস্য বনে গিয়েছিলেন। টিআইবি-র প্রতিবেদন অনুযায়ী গত সংসদেই শতাধিক সন্ত্রাসী সংসদ-সদস্য হয়েছিলেন বলে জানা যায়। জনগণ তাদের চিনতো এবং জানতো। তবে প্রাণের ভয়ে এদের বিরুদ্ধে কোনো কিছু বলার বা করার সাহস পেতো না। যে দু’চারজন এমন চেষ্টা করেছিলেন, তাদের ভাগ্যে কী ঘটেছে তা দেশবাসীর সামনে তুলে ধরার প্রয়োজন নেই । ড. মুহাম্মদ ইউনূসের রাজনীতিতে আসা প্রসঙ্গে মান- নীয় প্রধান উপদেষ্টার অভিমতের মধ্যে তার অন্তরের এক সদিচ্ছা প্রতিফলন ঘটেছে । তবে দেশের হত-দরিদ্র সৎ মানুষ যারা গ্রামীণ ব্যাংকের সদস্য, তারা ড. ইউনূসের রাজনীতি করার পক্ষে কোনো ইতিবাচক সাড়া দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়নি। কিন্তু এসব সদস্যের দুর্দশা ও দারিদ্র্যের কথা মাঝে-মধ্যেই পত্রিকার খবর হয়ে প্রকাশিত হতে দেখা যায়।
জনগণ গুণী মানুষের কাছ থেকে ভালো অন্য কিছু আশা করে। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সে সুযোগ আছে বলে সাধারণ মানুষের মনে সে- মনোভাব এখনও সৃষ্টি হয়নি। তবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত পদক্ষেপে মানুষের মনোভাব বদলাতে শুরু করেছে। ড. ইউনূসের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে আগমনকে মঙ্গল বলে অভিমত প্রকাশ করলেও অন্যান্য এনজিও-র প্রতিষ্ঠাতা যারা মানুষের কল্যাণে কাজ করছেন তারাও এই মন্তব্যের আওতায় পড়েন বলে মনে হয়। প্রশিকা, ব্র্যাক সংগঠনগুলো সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং নির্বাচনে সৎ মানুষকে নির্বাচিত করার বিষয়ে কাজ করতেন বলে বিগত চার দলীয় জোট সরকার তাদের বিরুদ্ধে নিপীড়নমূলক ব্যবস্থা নিয়েছিল, এটা প্রকাশ্য বিষয়।
গত ১১ জানুয়ারি জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭ জারির পর রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার আগমন বার্তা সম্বন্ধে বিভিন্ন মহলে প্রচারিত হচ্ছিল। কয়েক রকম প্রচারণা ছিল। নতুন ধারা, তৃতীয় ধারা কিংবা যোগ্য প্রার্থী আন্দোলন ইত্যাদি এসব প্রচারণার অন্তর্ভুক্ত ছিল। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি ছাড়াও সুশীল সমাজ, টিভি চ্যানেল, পত্র-পত্রিকাগুলো দেশের কলুষিত রাজনৈতিক অবস্থা নিয়ে সভা-সেমিনারের আয়োজন করে। গত ১১ জানুয়ারি জাতীয় রাজনীতিতে যে পরিবর্তন সূচিত হয় তাতে সতি- সত্যিই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাজনৈতিক দলগুলোর কোনো কোনো নেত্রী-নেতা জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭ জারিকে স্বাগত জানিয়ে এ দফায় দশজন সম্মানিত উপদেষ্টাসহ মাননীয় প্রধান উপদেষ্টা নিয়োগে গভীর সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চিন্তা-চেতনা লোপ পাওয়ার লক্ষণগুলো প্রকট হয়ে উঠেছিল। তার মধ্যেও গত বছরের ১৩ অক্টোবর বাংলাদেশের কৃতী সন্তান ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করায় দেশব্যাপী এক আনন্দের বন্যা বয়ে যায়। জাতি এই গৌরব অক্ষুণ্ণ ও অমলিন রাখতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে।
প্রথম-প্রথম নোবেল বিজয়ী ড. ইউনূসও এই গৌরবকে শুধুমাত্র তার ব্যক্তিগত অহংকার নয় বলে ঘোষণা দিয়ে জাতিকে অনেক ভালো ভালো কথা শোনান। নোবেল বিজয়ী ড. ইউনূস গত ২২ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। সে-সময় দেশে- বিদেশে তার সম্মানার্থে আয়োজিত বিভিন্ন সভা-সেমিনারে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি তা নাকচ করে দিয়েছিলেন । মনে পড়ে, আগামী সরকারে যাতে দুর্নীতিপরায়ণ ও অযোগ্য ব্যক্তি নির্বাচিত হতে না পারে, সেজন্য তিনি ‘যোগ্য প্রার্থী আন্দোলন’ গড়ে তুলতে এগিয়ে আসেন। গত ২০ মার্চ (২০০৬) সুশীল সমাজের উদ্যোগে ঢাকার এক অভিজাত হোটেলে আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে তিনি তার লিখিত বক্তব্যে যোগ্য প্রার্থী আন্দোলনের এক বিস্তৃত রূপরেখা প্রদান করেছিলেন । কালো টাকা, পেশী শক্তির থাবা থেকে বাঁচতে তিনি নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারের কথা বলেছিলেন। সংবিধানকে পাশ না কাটিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ড. ইউনূস তার লিখিত বক্তব্যে অভিমতও ব্যক্ত করেছিলেন।
স্বাধীনতার পর ৩৬ বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কালো টাকা, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন-খারাপি, ঘুষ-দুর্নীতি, পেশীই শক্তি ইত্যাদি প্রকাশ্য বিষয় হয়ে ওঠে। এতে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। দেশের এমন দুঃসময়ে ড. মুহাম্মদ ইউনূসের রাজনীতিতে আগমনের কথা শুনে দেশের জনগণের মধ্যে প্রথম-প্রথম মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হতদরিদ্র সাধারণ মানুষ ড. ইউনূসকে রাজনীতিতে দেখতে চায় এমন কথা শোনা যায়নি। তাছাড়া, গত ১১ জানুয়ারির আগে পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস যেসব কথা বলেছেন তা লক্ষ্য করলে বুঝা যায়, তার নিজের মধ্যেও রাজনীতিতে যোগদান নিয়ে দোদুল্যমানতা ছিল। তার রাজনীতি সম্পর্কে বর্তমান মনোভাব অস্পষ্ট । তবে মাস তিনেক আগের কিছু তৎপরতা এবং কথা থেকে ড. ইউনূসের মনোভাব কী ছিল তা বুঝতে অসুবিধা নেই। দুবাই থেকে ঢাকায় ফিরে গত ২৬ ফেব্রুয়ারি (২০০৭) বিমান বন্দরে ড. ইউনূস ‘নাগরিক শক্তি’ নামে রাজনৈতিক দল ঘোষণা সম্পর্কে বেশ সংযত কিছু বক্তব্য সাংবাদিকদের সামনে করেছিলেন। সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশের বিষয়কে প্রথমে তিনি নাকচ করেন এবং দেশের দুই প্রধান রাজনৈতিক দলসহ অন্যান্য রাজনীতিকদের তিনি ধৈর্য ধারণ করার আবেদন জানান । প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর প্যারিসে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন রাজনীতি করার কোনো ইচ্ছা তার নেই । বাংলাদেশের রাজনীতি রূঢ় এবং উগ্র বলেও তিনি মন্তব্য করেছিলেন। এর আগে স্টকহোমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনেও তিনি রাজনীতিতে তার না-আসার কথা বলেছিলেন। কিন্তু গত ১২ ফেব্রুয়ারি কলকাতায় সাংবাদিকদের সাথে আলাপকালে ড. ইউনূস তার সুর বদলে বলেছিলেন, আমি নতুন ধারার রাজনীতি করবো। নতুন ধারার রাজনৈতিক দল করার কথা যখন তিনি বলেন, তখন দেশে জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭ বিদ্যমান। কলকাতা থেকে পরের দিন। ঢাকায় ফিরে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও তিনি রাজনীতি করবেন। ড. ইউনূসের এই ইচ্ছার কথা শুনে অনেকেই বিস্মিত হন। বিস্ময়ের মাঝেও গত ২১ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন-এ বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন উপলক্ষে প্রদত্ত ভাষণে আওয়ামী লীগ নেত্রী বেগম মতিয়া চৌধুরী জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭ জারি থাকা অবস্থায় ড. ইউনূসের রাজনৈতিক দল গঠনের বিষয়কে প্রশ্নবিদ্ধ করেন । এরপর ড. ইউনূস রাজনীতিতে আসার বিষয়ে তেমন জোরে-সোরে কিছু বলেননি । টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরও তার প্রতিক্রিয়া জানা যায়নি।
ড. মুহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরণ্যে ব্যক্তি বর্তমান সরকারকে নৈতিক সমর্থন জানালে তা দেশের জন্য মঙ্গল হবে, এ কথা ঠিক। এতে গ্রামের হত-দরিদ্র মানুষও মনে হয় খুশি হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি মোকাবিলা করা সহজ কী-না তা ড. ইউনূস ভালোই বুঝেন । বড়ো-বড়ো কথা বলে, উচ্চাশার কথা শুনিয়ে জাতিকে আশ্বস্ত করা এখন আর সহজ কাজ নয়। তবে গত ৩ মার্চ পাকিস্তান সফরে যাওয়ার প্রাক্কালে তিনি সাংবাদিকদের এড়িয়ে যাওয়ায় তার রাজনীতিতে আগমন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টা সম্পূর্ণ ভিন্ন জগতের বরেণ্য ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যে ইতিবাচক মন্তব্য করেছেন তাতে দেশের হত-দরিদ্র জনগণেরও সম্মতি আছে কি-না তা এবং বর্তমান নির্বাচন বিধিমালা অনুযায়ী তিনি রাজনীতিতে অংশগ্রহণ করার যোগ্য কি-না তা যাচাই করে দেখার প্রয়োজন কি নেই?
এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বিডি আরকাইভ অনলাইন-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।




