বাড়ি বসেই সহজে রোজগারের জন্য অদ্ভুত উপায় বেছে নিয়েছেন এক তরুণী। তিনি নিজেকে এক জন পেশাদার বখাটে বা ‘স্পয়েলড ব্র্যাট’ বলতেই ভালবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কী ভাবে পুরুষদের কাছ থেকে টাকা আদায় করতে হয় তার কৌশল শেখালেন ব্লেয়ার রিচার্ডস নামের সেই তরুণী।
তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিখেছেন আপনিও চাইলে একজন ‘পেশাদার লুটেরা’ হতে পারেন। তার দাবি অনুযায়ী, তিনি গত চার বছরে প্রায় পাঁচ কোটি টাকা আয় করেছেন। বিভিন্ন সাইটের ফ্যান পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার করে তিনি এই বিপুল উপার্জন করেছেন। ‘ফিন সাব’কে পুঁজি করেই এই অর্থ জমা হয়েছে তার অ্যাকাউন্টে।
চলতি ভাষায় ‘ফিন সাব’ হলেন এমন এক ব্যক্তি, যাকে দিয়ে সহজেই তার প্রেমিক বা প্রেমিকা অর্থ খরচ করিয়ে নিতে পারেন। তাদের আর্থিক বিষয়গুলো সহজেই তাদের সঙ্গীরা নিয়ন্ত্রণ করতে পারেন। এই কাজ করতে ‘ফিন সাবে’রা নিজেরাও আনন্দ পান।
ব্লেয়ার বেছে বেছে এই ধরনের ব্যক্তিদের থেকে টাকা নিয়ে কোটি টাকার মালিক হয়েছেন। তার প্রমাণস্বরূপ নিজের ফোনের স্ক্রিনশটটি শেয়ার করে জানিয়েছেন, এক ব্যক্তি মাত্র এক ঘন্টার মধ্যেই তাকে কয়েকশো ডলার পাঠিয়েছিলেন, কারণ তরুণী তাকে এই অর্থ পাঠাতে বলেছিলেন। এর জন্য তাকে ওই ব্যক্তির সঙ্গে ডেটে যেতে হয়নি অথবা দেখা করতে হয়নি।
ব্লেয়ারের উপদেশ হলো, নিজের সৌন্দর্যকে পুঁজি করে যে কেউই পেশাদার ভাবে এই পথ বেছে নিতে পারেন। ব্লেয়ারের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।



