দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ ও অতিবৃষ্টিতে সৃষ্ট আকষ্মিক বন্যার কারণে ২৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আরো পাঁচটি ট্রেনের যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে। বাতিল ও যাত্রাপথ কমিয়ে আনা ট্রেনগুলো ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর, চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম ভূয়াপুর-রুটের।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের এক অফিস আদেশে বলা হয়, বন্যায় পূর্বাঞ্চল রেলওয়ের বিভিন্ন সেকশনে মাটি সরে গিয়ে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। অতিবৃষ্টির কারণে ফাজিলপুর-কালিদহ সেকশনের নিচ থেকে মাটি, পাথরসহ স্লিপার সরে গিয়ে রেল লাইন বেঁকে যায়। চট্টগ্রাম-নাজিরহাট-দোহাজারী-কক্সবাজার সেকশনেও একইভাবে মাটি সরে গিয়ে লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের একটি রেলসেতুর গার্ডার পর্যন্ত পানি উঠে যাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে গেছে।
উদ্ভূত পরিস্থিতির কারণে ২৬টি ট্রেনের যাত্রা বাতিল ও পাঁচটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করার নির্দেশনা দেয়া হয়।



