সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আব্দুল মুয়ীদকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আব্দুল মুয়ীদ চৌধুরী সুদীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তিনি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। ২০০১ সালের ১৬ জুলাই তিনি সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১০ অক্টোবর পর্যন্ত মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের খাদ্যমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।





