বইটা শুরু করেছি অনেক আগে কিন্তু শেষ করতে দেরি হলো, কারণ শেষ হয়ে যাচ্ছে কেন বইটা এধরণের অনুভূতি চলে এসেছে। এটাই এ বইয়ের সার্থকতা।
কোন মুভি দেখলে যেমন বিশেষ দৃশ্যের কথা মনে পড়ে এ বইটিও সেরকম। সব মনে থাকবে না কিন্তু বিশেষ কিছু কথা মনে থাকবেই। যেমন – মানুষের স্বভাব হলো কষ্টগুলো পুষে রাখার আর সুখের দিকগুলো প্রদর্শন করা। প্রতিটা মানুষের জীবনই অনন্য। কেউ কারো মত নই, কাজেই তুলনা করাটাই বোকামি। আবার প্রত্যেকেরই চিন্তা ভাবনা আলাদা।
আমাদের শেখার উপকরণ বাড়ছে কিন্তু জানার আগ্রহ কমে যাচ্ছে। এখনকার বাচ্চারা শিখে ইউটিউব, টিভি দেখে আর আগে আমরা শিখতাম practically. আমাদের শেখাতেন মুরুব্বীরা, বাব মায়েরা। কাজেই সেই শেখাটাই অনেক কার্যকরী ছিলো।
শুধু উপভোগের জন্য হলেও বইটা পড়ে মজা পাবেন, আবার কিছু জানতে বা শিখতে হলেও এই বইটা আপনার জন্য। আমাদের মস্তিষ্ক কি আসলেই আমাদের? আমরা কি স্বাধীন নাকি অন্যের হাতে জিম্মি? আমরা কিভাবে বিক্রি হয়ে যাচ্ছি, কেন আমাদের চোখ কান খোলা রাখতে হবে? সব জিনিসই কি আমাদের প্রয়োজন, কোনটা দরকার আর কোনটা দরকার না সে বিষয়ে আমাদের জ্ঞান কতটুকু এরকম আরো অনেক বিষয় আমরা জানতে পারবো।
আমাদের একটা বড় সমস্যা হলো আমরা কথাই বলি কিন্তু কাজ করি খুব কম। হাজার কথা থেকে একটা যুতসই কাজ যে অনেক জরুরি এটা আসলে আমরা জানিই না। আপনার চারপাশের মানুষ যৌক্তিক না অযৌক্তিক এই বিষয়টি আপনার জানা জরুরী। আমাদের আশেপাশের অধিকাংশ মানুষই অযৌক্তিক। এটা ধরে যদি আগাতে পারেন তাহলে দেখবেন তাদের অনেক অস্বাভাবিক আচরণ ও পরিস্থিতি আপনি সহজে মেনে নিতে পারবেন। রাগ হওয়ার পরিবর্তে তাদের প্রতি করুণা হবে।
এই যে এত এত কথা বলি আমরা কি নিজের কাজ ঠিকমতো করি? কেন করিনা? কারণ আমরা খুব অলস। অন্যের ঘাড়ে চেপে কিভাবে পুলসিরাত পার হওয়া যায় সেই চিন্তা আমাদের। আবার যারা কাজ করে তাদের কোন মূল্যায়ন নাই। ভালো কাজ হবে কোথা থেকে?
আমরা মাথা খাটাতে চাই না। দেখেন দেশের বাইরে আমাদের যে ভাইয়েরা আছেন অধিকাংশই শ্রমিক। আর আমাদের দেশে যে সব বিদেশিরা আছে কাউকে শ্রমিক হিসেবে দেখেছেন? অধিকাংশ ভারতীয়রা আমাদের দেশে দক্ষ লোক হিসেবে কাজ করে টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। এটা কি আমাদের মগজের অপব্যবহার নয়?
আর যারা বিদেশে পড়তে যাচ্ছে তারা কি আর দেশে ফিরছে? ফিরছে না। আমাদের ছোটলোকি, সব কিছুতেই খাই খাই স্বভাবের জন্য আমরা বড় কিছু করতে পারছি না। আমরা যখন অন্যের জন্য কাজ করবো তখনই আমরা বড় কিছু করতে পারবো। কাজ অনেক তাই মনটাও বড় হওয়া চাই।





