মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

মেট্রোরেলে ইউনিভার্সেল টিকেটিং সিস্টেম

spot_img

ভিডিও

- Advertisement -

ঢাকায় মেট্রোরেলের ভাড়া পরিশোধ আরও সহজ ও বিস্তৃত করতে ‘ইউনিভার্সেল টিকেটিং সিস্টেম’ (ইউটিএস) চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে মেট্রোরেলের ভাড়া দিতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও একক যাত্রার ভাড়া পরিশোধ করা যাবে। যাত্রার দূরত্ব অনুযায়ী নির্দিষ্ট অর্থ মোবাইলে পরিশোধ করলে যাত্রী একটি কিউআর কোড পাবেন, যা স্টেশনে ঢোকা ও বের হওয়ার সময় স্ক্যান করতে হবে।

এই নতুন ব্যবস্থা বাস্তবায়নে প্রাথমিক দরপত্র আহ্বান করা হয়েছে এবং ৩০টির মতো প্রতিষ্ঠান এতে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এখন কারিগরি ও আর্থিক প্রস্তাব চাওয়া হবে। যন্ত্রপাতি স্থাপন, সফটওয়্যার ইন্টিগ্রেশন এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে এই সেবা চালু করতে প্রায় ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিএমটিসিএল নিজে এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে না। বরং ঠিকাদারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি বসাবে এবং টিকিট বিক্রির আয়ের একটি অংশ পাবে। কত অংশ পাবে, তা ঠিকাদারদের আর্থিক প্রস্তাবের ওপর নির্ভর করবে।

বর্তমানে মেট্রোরেলে যাত্রা করতে একক কার্ড অথবা এমআরটি ও র‍্যাপিড পাস ব্যবহার করতে হয়। তবে এসব কার্ডের পর্যাপ্ত সরবরাহ না থাকায় যাত্রীরা দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে পড়ছেন। একদিকে নতুন এমআরটি কার্ড সরবরাহ বন্ধ, অন্যদিকে একক যাত্রার কার্ড বিকল হয়ে পড়া এবং যাত্রীদের হাতে জমা থেকে না ফেরা—সব মিলিয়ে কার্ড সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় নতুন করে চার লাখ একক যাত্রার কার্ড কেনার সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। এরই মধ্যে দুই লাখের মতো কার্ড এসে পৌঁছেছে।

বর্তমানে ব্যবহৃত টিকিটিং ব্যবস্থা ‘ক্লোজড লুপ’ ধরনের, যা কেবল জাপানের সনি কোম্পানির কার্ড রিড করতে পারে। ফলে ডেবিট–ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাড়া দেওয়ার সুযোগ নেই। এ সীমাবদ্ধতা দূর করতেই ইউটিএস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় যাত্রীরা স্টেশনে লাইন ধরার ঝামেলা ছাড়াই নিজের কার্ড অথবা মোবাইল ফোন ব্যবহার করে অনায়াসে যাতায়াত করতে পারবেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন, যাত্রীর চাহিদা অনুযায়ী কার্ড ও টিকিট সরবরাহ করা তাদের দায়িত্ব। ভাড়া পরিশোধ যত সহজ হবে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ততই বাড়বে। ভারত, সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশেই এমন আধুনিক ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশেও এই ব্যবস্থা চালু হলে যাত্রীসংখ্যা বাড়বে এবং ভোগান্তিও কমবে বলে তিনি মনে করেন।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহনবিশেষজ্ঞ সামছুল হক বলেছেন, মানুষ যখন কার্ড চাচ্ছে, অথচ কর্তৃপক্ষ সরবরাহ করতে পারছে না, তখন সেটি একটি অদক্ষ ব্যবস্থাপনার পরিচয়। নতুন উদ্যোগটি যদি সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও