প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় আগামী শনিবার চালু হচ্ছে না মেট্রোরেল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট মেট্রোরেল চলাচলের জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে মেট্রো চালুর নির্দেশনা দেয়। কিন্তু, অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি ১৪টি স্টেশন সমন্বয়ে মেট্রোরেল পুনরায় চালুর নিমিত্তে মেট্রোরেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এ প্রেক্ষাপটে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। এ জন্য ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
গত ১১ আগস্ট ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচলে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে। তবে এর আগেও চালু হওয়ার সম্ভাবনা আছে। নিরাপত্তাসংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে।
ওইদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মেট্রোরেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত ১৮ জুলাই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। একই দিনে বন্ধ হয় মেট্রোরেল।
পরের দিন মেট্রোরেলের মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ করা হয়নি।





