কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল আগামী পাঁচ দিন চালু হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়, মেট্রোরেলের কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তারা স্টেশন কাজ শুরু করেছেন। লাইন, কোচ এবং সংকেতব্যবস্থা ট্রায়ালের পর চালু হবে ট্রেন চলাচল।
ঢাকায় প্রথম মেট্রোরেল চালু হওয়ার পর থেকে বেশ কয়েকবার নানা কারণে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে মেট্রোরেল ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা এবারই প্রথম।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন। পরের বছরের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।
গত বছরের শেষ দিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোই খুলে দেওয়া হয়। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান।





