পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার সমান এবং সংবিধান অনুযায়ী তা রক্ষা করার দায়িত্ব সরকারের। পাশাপাশি তিনি জানান, সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না এবং যারা ধর্মীয় কারণে সহিংসতা বা নির্যাতন চালাবে তাদের শাস্তির আওতায় আনা হবে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা দেশের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, যাতে কোনো দুর্বৃত্ত সমস্যা তৈরি করতে না পারে।



