বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

সাজেক সড়কের অবরোধ স্থগিত

spot_img

ভিডিও

- Advertisement -

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সাজেক সড়কের গঙ্গারাম বাজারে (উজোবাজার) প্রশাসনের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি দেখা দেয়। আটকা পড়েন বিপুলসংখ্যক পর্যটক।

অবরোধের কারণে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে ফেরার অপেক্ষায় থাকা পর্যটকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। পরে প্রশাসনের উদ্যোগে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে পর্যটকদের একটি দল সাজেক ছেড়ে খাগড়াছড়ির উদ্দেশে রওয়ানা হয়।

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধকারীরা ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করতে সম্মত হন।

এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নাম ব্যবহারকারী একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকে ধারাবাহিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। পাশাপাশি সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং স্থানীয়দের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, ‘জেএসএস নামধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা এই অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’

তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বিষয়ে কী ধরনের অগ্রগতি হয়, তার ওপর পরবর্তী কর্মসূচি নির্ভর করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এখন সাজেক সড়কের পরিস্থিতি স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও