সারা দেশে নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
আইজিপি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে, এবং প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নিরাপদে ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারছেন। দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা সহ্য করা হবে না।
তিনি আরও উল্লেখ করেন, সাইবার জগতে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে যেকোনো বিশৃঙ্খলার খবর দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া, ত্বকী ও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত পুনরায় শুরু করার বিষয়েও তিনি তথ্য প্রদান করে বলেন, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন এ হত্যা মামলার তদন্ত আবার শুরু হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল, সেই তদন্তও আবার শুরু হয়েছে।




