স্টেশনে স্টেশনে থেমে আছে ঢাকাগামী বিভিন্ন ট্রেন। এতে যাত্রী ভোগান্তি চরমে উঠেছে। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম রেল লাইনে এমন চিত্র দেখা গেছে। শিডিউল বিপর্যয় দেখা গেছে প্রায় সব ট্রেনে।
ঢাকা মেইল ঘন্টা খানেক ধরে আড়িখোলা রেল স্টেশনে দাড়িয়ে আছে। একই ভাবে জিনারদী স্টেশনে দাড়িয়ে রয়েছে তিতাস কমিউটার। এভাবে পুবাইল, নরসিংদীসহ প্রতিটি রেল স্টেশনেেই ট্রেন দাড়িয়ে আছে। পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে পারছে না।
ঢাকা মেইলের চালক বিডি আর্কাইভকে জানান, ট্রেন দূর্ঘটনার কারণে রাস্তা ক্লিয়ার নেই। তাই অপেক্ষা করতে হচ্ছে। কখন ট্রেন ছাড়তে পারে, এমন কোন অনুমান তিনি করতে পারেননি।
জানা যায়, ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিডিউল অনুযায়ী ট্রেনটির রাত সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। এর পর থেকেই ঢাকায় কোন ট্রেন প্রবেশ করতে পারছে না। ঢাকা প্রবেশে আগে বিভিন্ন স্টেশনে ট্রেনগুলো অপেক্ষমান রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে পুবাইল, নরসিংদী, আড়িখোলা, জিনারদী স্টেশনে একাধিক ট্রেন কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছে। তবে সবশেষ খবর অনুযায়ী, এক লাইন দিয়ে রেল চলাচল শুরু হয়েছে কমলাপুর স্টেশন থেকে। প্রথম ট্রেন হিসেবে এগারো সিন্ধু প্রভাতী কমলাপুর ছেড়ে যাচ্ছে।
জানা গেছে, এখন পর্যায়ক্রমে সকল ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে এবং প্রবেশ করবে। তবে সকাল থেকে যেহেতু অনেকগুলো ট্রেন রেললাইনে জড়ো হয়ে গেছে; তাই নির্ধারিত গন্তব্যে যাত্রীদের ফিরতে আরো কিছুটা সময় লাগবে। এজন্য অনেকেই ট্রেন থেকে নেমে অন্য যানবাহনে নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।





