শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর তারল্য সংকট এবং ঋণ বিতরণের অনিয়মের কারণে গ্রাহকদের মধ্যে আস্থা কমছে, যার ফলে ব্যাংকগুলোতে আমানত কমছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানত ৩ হাজার ৬৩১ কোটি টাকা হ্রাস পেয়েছে। জুন মাসে এসব ব্যাংকের আমানত ছিল ৩ লাখ ৯৮ হাজার ৭৫ কোটি টাকা, যা জুলাইয়ে কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৪৪৪ কোটি টাকায়।
এই প্রবণতা শুধু ইসলামি ব্যাংকগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি শাখা এবং উইন্ডোগুলোতেও আমানত কমেছে। এক মাসের ব্যবধানে এই খাতগুলোর মোট আমানত ৩ হাজার ১৪ কোটি টাকা হ্রাস পেয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আমানত কমার পাশাপাশি ঋণ বিতরণ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর আর্থিক অবস্থা আরও চাপের মুখে পড়েছে। জুলাই মাসে ব্যাংকগুলোর বিনিয়োগের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৮৪১ কোটি টাকায়, যা জুন মাসের তুলনায় ১ হাজার ১০৭ কোটি টাকা বেশি।
এছাড়াও, ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয়ও উল্লেখযোগ্য ভাবে কমেছে। জুন মাসে ১০ হাজার ৮৪৫ কোটি টাকা আসার পর, জুলাই মাসে তা কমে ৭ হাজার ৮৯২ কোটি টাকায় দাঁড়িয়েছে।



