২৭ দিন পেরিয়ে গেলেও এখনো সিলেটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যার রহস্যের জট খোলেনি। রবিবার (৮ ডিসেম্বর) শেষ খবর পাওয়া পর্যন্ত সিআইডির কাছে কিছু আলামত দেওয়ার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত কাজ চলছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চার আসামিকে গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। প্রধান আসামি শামীমা বেগম মার্জিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলেও দেননি। বর্তমানে গ্রেফতার সবাই কারাগারে রয়েছেন। প্রয়োজনে তাদের ফের রিমান্ডে নেয়ার আবেদন করা হতে পারে।
জানা গেছে, গত ৩ নভেম্বর নিখোঁজ হওয়ার সাত দিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামে মুনতাহার অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করে পুলিশ।
এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ ৯ নভেম্বর কানাইঘাট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। ১১ নভেম্বর মুনতাহা হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আসামিরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের আলিফজান বিবি, তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া, একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগম।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিন জিহাদ জানান, তদন্ত কাজ চলমান রয়েছে, এখনই কিছু বলা যাচ্ছে না। আসামিও এখনো ১৬৪ ধারায় জবানবন্দি দেয়নি। আলোচিত এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ আন্তরিক হয়ে কাজ করছে।
তবে মরদেহ উদ্ধারের পরই পুলিশ ধারণা করে জানায়, পূর্ব শত্রুতার জেরে মুনতাহার সাবেক প্রাইভেট শিক্ষিকা অপহরণ করে হত্যা করেছে। স্বীকারোক্তি অনুযায়ী গত ৩ নভেম্বর রাতেই মুনতাহাকে শ্বাসরোধ করে হত্যার পর ডোবায় ফেলে রাখা হয়।
প্রতিবেশী ও মুনতাহার শিক্ষক মারজিয়াকে অব্যাহতি দেয়ার কারণে ক্ষোভ ছিলো তার পরিবারের ওপর। এ ছাড়া মারজিয়ার ওপর চুরির অপবাদ দেয়ার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটে।




